sliderস্থানিয়

তিন মাসেই স্বপ্নভঙ্গ, সৌদিতে দেয়াল ধসে প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: সৌদি আরবের দাম্মামে দেয়াল ধসে পড়ে মোহাম্মদ ইউসুফ (২৬) নামে নোয়াখালীর সেনবাগের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ছাতারপাইয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন। এর আগে, গতকাল শুক্রবার বিকেলেে সৌদির দাম্মামে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মনগাজী বেপারী বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ও জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ। শুক্রবার বিকেলে ইউসুফ একটি ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি দেয়াল ধসে তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন আরও বলেন, ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ইউসুফের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button