আইন আদালতশিরোনাম

তিন বিচারপতির দুর্নীতি জাতির কাছে পরিষ্কার করুন: জয়নুল আবেদীন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন,বিচারপতিরা আর্থিকভাবে দুর্নীতিগ্রস্থ হলে সেটা যেমন দুর্নীতি, তেমনি তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন না করাও দুর্নীতি। সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমানে মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনটির আয়োজন করে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।
লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, অতি সম্প্রতি তিন জন বিচারপতিকে বিচারকার্য থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ তা এখনও পরিষ্কার নয়। তারা কি আর্থিক দুর্নীতিগ্রস্ত? না অন্য কিছু, তা আমরা জানি না।
তিনি বলেন, বিচার বিভাগ থেকে জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সব ধরনের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা কামনা করি। কিন্তু আমরা দেখতে পারছি দেশের প্রধান আইন কর্মকর্তা এবং আইনমন্ত্রী বিষয়টি পরিষ্কার করছেন না, যা দুঃখজনক।
বিচারপতি নিয়োগে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির দাবি জানিয়ে তিনি আরও বলেন, আদালতে বিচারপতি নিয়োগ বিধিমালা তৈরি করে নিয়োগ করা একান্ত প্রয়োজন।
‘বিচার বিভাগের দুর্নীতি ও স্বজনপ্রীতি দূর করা এবং সংবিধান অনুযায়ী বিচারপতি নিয়োগে বিধিমালা প্রণয়নের দাবিতে’ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্ট বারসহ সব জেলা বারে মানববন্ধনের ঘোষণা দেন জয়নুল আবেদীন।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট (বৃহস্পতিবার) নিজ কার্যালয়ে হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয় এবং পরবর্তীতে তারা ছুটির প্রার্থনা করেন।
এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে ওইদিন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, সেটা অভিযোগ কি, এ সম্বন্ধে অনুসন্ধান করে কি পদক্ষেপ নেওয়া দরকার তা রাষ্ট্রপতি আশা করি সিদ্ধান্ত নেবেন।এ তিন বিচারপতি হলেন, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্য সচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট কেএম জাবির, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট গোলাম রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button