জাতীয়

তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩১ বাংলাদেশী নারী ও শিশু

সংবাদদাতা, বেনাপোল: ভালো কাজের প্রলোভনে পড়ে বিভিন্ন সময় দালালের মাধ্যমে ভারতে পাচারের শিকার ৩১ বাংলাদেশী নারী ও শিশুকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
আজ বুধবার বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বিশেষ ট্র্যাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা শিশুসহ ৩১ জন নারীকে নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দিবেন এমন শর্তে আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি ২৫ জন ও রাইটস যশোর ছয়জনকে গ্রহণ করেছে।
পাচারের শিকার নারীদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ জানান, ফেরত আসা এসব নারীরা ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে গত তিন বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাই শহরে যায়। সেখানে বাসা বাড়িসহ বিভিন্ন জায়গায় কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে তারা আটক হয়। পুলিশ তাদের আদালতে পাঠায়। সেখান থেকে রেসকিউ নামে ভারতীয় একটি এনজিও তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি যশোর শাখার সমন্বয়কারী কর্মকর্তা অ্যাডভোকেট নাজমা খাতুন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে নিজ নিজ পরিবারের কাছে তাদের বুঝিয়ে দেয়া হবে। পাচারের শিকার নারীরা পাচারকারীর নামে মামলা করতে চাইলে আইনি সহায়তা দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button