তিন ঘন্টার বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

পতাকা ডেস্ক : সকাল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে চরম দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। সকাল থেকে টানা ৩ ঘণ্টা মুষলধারে বৃষ্টিতে রাজধানি জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৩ ঘন্টায় ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃষ্টির কারণে অফিসগামী লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। বৃষ্টিতে অনেকে ঘর থেকে বের হতেই পারেননি। রাস্তা-ঘাট তলিয়ে গেছে পানিতে। শহরের অলি-গলিতে কোথাও হাঁটু পানি কোথাও আবার কোমর পানি।
এ অবস্থায় যানবাহনও চলার অবস্থায় নেই সিটি করপোরেশনের রাস্তাগুলো। আর কোনো যাত্রী রিকশা পেলেও সেখানে ভাড়া দিতে হচ্ছে দ্বিগুণ।
রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, কোথাও হাঁটুসমান পানি জমেছে, কোথাও রাস্তার পুরোটা ডুবে আছে পানিতে। শান্তিনগর, মালিবাগ, মৌচাক, আরামবাগ, পুরান ঢাকার বেশকিছু স্থানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তার পাশে ড্রেন ও পানির সংযোগ লাইনের সংস্থারের জন্য খোঁড়া গর্তে পানি জমেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুধু রাজধানীতে নয়, সারা দেশেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে।




