আইন আদালতশিরোনাম

তাসলিমাকে পিটিয়ে হত্যা : রিমান্ড শেষে তিনজন কারাগারে

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা গুজব ছড়িয়ে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনায় রিমান্ডে থাকা আরো তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক আজ আসামিদের রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. শাহীন, মো. বাচ্চু মিয়া ও মো. বাপ্পি।
এর আগে গত ২২ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আসামিদের চার দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। সে রিমান্ড শেষ হলে আজ আসামিদের আদালতে হাজির করা হয়।
গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা গুজব ছড়িয়ে দুই সন্তানের মা তাসলিমাকে পিটিয়ে হত্যা করে লোকজন। স্কুলটিতে নিজের দুই ছেলেমেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তাসলিমা। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন তিনি। দুই বছর আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। তাঁর ১১ বছরের একটি ছেলেও রয়েছে। ছেলেটি বাড্ডায় বাবার সঙ্গে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button