তারেক রহমানকে রাজনীতি থেকে বিদায়ের চেষ্টা হচ্ছে-প্রধান

বিশ দলীয় জোট নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, তারেক রহমানকে রাজনীতি থেকে বিদায় করতেই তাকে সাজা দেয়া হয়েছে। আদালতের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ছায়ার নেপথ্যে দখলদার-জালিমশাহীর নীতিই হচ্ছে দেশকে নেতা-সেনা ও মেধাশূন্য বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করা।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অগণিত নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের, দেশপ্রেমিক নেতাদের ফাঁসিতে ঝুলানো এ চক্রান্তেরই ধারাবাহিকতা।
দেশবাসী ক্ষুব্ধ, বিস্মিত ও স্তম্ভিত হলেও তারুণ্যের প্রতীক, জনপ্রিয় তরুণ নেতা তারেক রহমানের এ সাজাকে খণ্ডিতভাবে দেখার সুযোগ নাই। সময় এসেছে, সাহসের সাথে সত্যকে দিনের আলোকে উদ্ভাসিত করার। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে প্রকাশ্যে নিলামে ওঠানো হয়েছে। নাম উচ্চারণ না করলেও দেশবাসী জানেন, জাতির দুশমন কারা।
একজন নাগরিক ও রাজনীতিক হিসেবে আমার বিনীত আবেদন, কালক্ষেপণ না করে সব দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হোন। আধিপত্যবাদ ও দখলদার জালিমশাহীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন। মনে রাখবেন, জাতীয় মুক্তির সাথেই তারেক রহমান ও সবার ভাগ্য জড়িত। বিজ্ঞপ্তি




