তত্ত্বাবধায়ক আন্দোলন আসলে নির্বাচন বানচালের চক্রান্ত : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি’র ‘তত্ত্বাবধায়ক আন্দোলন’ আসলে দেশে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা ও নির্বাচন বানচালেরই চক্রান্ত। গণতন্ত্র ও নির্বাচনের স্বার্থে এ চক্রান্ত নস্যাৎ করতেই হবে।
আজ বুধবার বিআইটি ময়দানে জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুপুর থেকেই সভায় জড়ো হওয়া দুই সহস্রাধিক জনতার উদ্দেশে মন্ত্রী বলেন, দেশকে জঙ্গি-রাজাকারমুক্ত করতে শেখ হাসিনার সাথে ঐক্য আর বৈষম্যমুক্ত করতে সমাজতন্ত্রের পথে এগুতে হবে। আর চিরস্থায়ী শান্তি-উন্নয়ন প্রতিষ্ঠার জন্য কোনোভাবেই জঙ্গি-রাজাকার ও তাদের দোসরদের কাছে ক্ষমতা দেয়া যাবে না। একবার মুক্তিযোদ্ধা আরেকবার রাজাকারের সরকার, রাজনীতির এই অদল-বদল খেলা এবার থেকেই চিরতরে বন্ধ করতে হবে।
হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে মানুষ মারে, চুরি করে আর ক্ষমতার বাইরে থাকলে মানুষ পোড়ায়, জঙ্গি লালন করে। নির্বাচন নয়, তাদের মূল লক্ষ্য যেকোনো পন্থায় ক্ষমতা দখল করে জঙ্গি-রাজাকারদের বাঁচানো আর হত্যা-চুরির মামলা থেকে রেহাই পাওয়া।’
এসময় ‘শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা জঙ্গিদমন ব্যাহত হয়, এধরনের কাজ মহাজোটের ছাতার তলে করা চলবে না’ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তথ্যমন্ত্রী।
নারায়ণগঞ্জ জেলা জাসদ সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহর আলী, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ প্রমূখ সভায় বক্তব্য রাখেন।
এদিকে আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে পোপ ফ্রান্সিসের আসন্ন সফর উপলক্ষে সরকার ও গণমাধ্যম ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পোপের বাংলাদেশ সফর উপলক্ষে ঢাকায় নিযুক্ত ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী এবং বাংলাদেশে পোপের সফর ২০১৭ পরিষদের নেতৃবৃন্দের সাথে এ বৈঠক হয়। তথ্যসচিব মরতুজা আহমদ এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরো বলেন, খ্রিস্টধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপকে প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রমাণ। মহান মুক্তিযুদ্ধে ধর্মযাজকেরা এদেশের মানুষের পাশে ছিলেন, আত্মত্যাগও করেছেন। শুধু তাই নয়, এদেশের শিক্ষা বিস্তারে, স্বাস্থ্য সেবায় ও সমাজ কল্যাণেও চার্চ আন্তরিক ভূমিকা রেখে চলেছে। বড়দিন এদেশে সরকারি ছুটির দিন।
তথ্যসচিব মরতুজা আহমদ পোপের সফরকালে আয়োজিতব্য অনুষ্ঠানগুলো বাংলাদেশ টেলিভিশনসহ সব গণমাধ্যমে সম্প্রচারে সর্বাত্মক সহযোগিতার কথা জানান। ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে পোপের সফর ২০১৭ পরিষদের নেতৃবৃন্দ তথ্য মন্ত্রণালয়কে এ সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশে পোপের সফর ২০১৭ পরিষদের প্রধান সমন্বয়কারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, নির্বাহী কমিটির সদস্য মেজর জেনারেল (অবঃ) জন গমেজ, নির্বাহী কমিটির সচিব ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, মিডিয়া বিষয়ক কমিটির আহ্বায়ক ফাদার কম কোড়াইয়া, নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক বিষয়ক কমিটির আহ্বায়ক ও প্রেডিডেন্ট বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বিদেশী সাংবাদিক সমন্বয়কারী ফাদার জর্জ পনোদাত, এস. জে মিডিয়া বিষয়ক কমিটির সচিব ফাদার আগস্টিন বুলবুল রিবেরু, মিডিয়া বিষয়ক কমিটির সদস্য ডেভিড সুব্রত দাস ও নির্বাহী কমিটির যুগ্ম-সচিব ফাদার সুব্রত গমেজ সভায় অংশ নেন।



