slider

ঢামেকের পর এবার রামেক হাসপাতাল থেকেও ‘ভুয়া চিকিৎসক’ আটক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পর এবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সামিউর রহমান (২৫) নামে এক ভুয়া চিকিৎসক আটক হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টায় তাকে আটক করে পুলিশে সোর্পদ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আটক সামিউর নগরীর বোয়ালিয়া থানার উপভদ্রা এলাকার রাশেদুর রহমানের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সামিউর চিকিৎসক সেজে হাসপাতালের ওটিতে প্রবেশ করেন। এরপর জরুরি বিভাগে দায়িত্বরত হাসপাতাল কর্মীদের সাথে অসদাচরণ করেন। এর ফলে দায়িত্বরত কর্মীদের সন্দেহ হয়।

খবর পেয়ে সেখানে যান হাসপাতালের আনসার বাহিনীর ইনচার্জ শহিদুল ইসলাম। এ সময় জিজ্ঞাসাবাদে তার আসল পরিচয় বেরিয়ে আসে। পরে পরিচালকের নির্দেশে পুলিশে সোপর্দ করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ জানান, সামিউর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্র ছিলেন। একসময় রামেক হাসপাতালে ইন্টার্নশিপ করেছেন। এ কারণে হাসপাতালের কোথায় কী আছে তিনি জানেন।

তিনি বলেন, সামিউর চিকিৎসকের ভুয়া কার্ড তৈরি করে হাসপাতালে এসেছিলেন। তার কাছ থেকে দুটি ভুয়া আইডি কার্ড এবং একটি জ্বর পরীক্ষা করার যন্ত্র পাওয়া গেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ভুয়া চিকিৎসক সামিউরকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button