ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মীপূজায় অংশ নিলেন প্রধান বিচারপতি

অসুস্থতার জন্য ছুটি নিয়ে আলোচনার মধ্যে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মীপূজায় অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ৬টা ১০ মিনিটে আকস্মিকভাবে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যান বিচারপতি সিনহা। তার আগে হেয়ার রোডে বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে এসেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
অ্যাডভোকেট রানা দাশগুপ্ত নয়া দিগন্তকে বলেন, ‘লক্ষ্মীপূজায় অংশ নিয়েছেন। পূজা দিতে সস্ত্রীক এসেছিলেন প্রধান বিচারপতি। তিনি ২০ মিনিটের মতো ছিলেন।’
ঢাকেশ্বরী মন্দিরের দ্বিতীয় তলায় অফিস কক্ষে কিছুক্ষণ বসেছিলেন প্রধান বিচারপতি। সেখানে প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত ও সুব্রত চৌধুরীও ছিলেন।
প্রধান বিচারপতি অসুস্থ বলে এক মাসের ছুটি নিয়েছেন বলে আইনমন্ত্রী আনিসুল হক ইতোপূর্বে জানান। আলোচনা প্রেক্ষাপটে তার ছুটির আবেদনও প্রকাশ করেন তিনি, তবে তা নিয়ে সন্দেহ প্রকাশ রয়েছে বিএনপির।
প্রধান বিচারপতিকে কেন দেখেছেন, খুব কি অসুস্থ মনে হয়েছে- সাংবাদিকরা জানতে চাইলে রানা দাশগুপ্ত বলেন, ‘উনাকে দেখে আমার তেমন মনে হয়নি।’




