রাজনীতিশিরোনাম

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন : ‘সাহস থাকলে ভোট দিতে দিন’

আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, “যতই সন্ত্রাস করেন ঢাকা-১৮ আসনের ভোটাররা সিদ্ধান্ত নিয়েছেন তারা ভোট কেন্দ্রে যাবে। আমি আওয়ামী লীগ প্রার্থীকে চ্যালেঞ্জ করছি, ঢাকা আসনে সাহস করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করেন। একবার হলেও আপনাদের জনপ্রিয়তা যাচাই করেন।”
গণসংযোগ শেষে বৃহস্পতিবার উত্তরা-১০ নম্বর সেক্টরের সুইচ গেইট এলাকায় শহীদ মনসুর আলী কলেজ ও হাসপাতালের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যকালে এ সব বলেন তিনি।
প্রচারের ১৪তম দিনে বেলা ১১টা থেকে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১০, ১১, ১২ সড়কসহ ওয়েস্টার্ন ল্যাবরেটরি, কেন্দ্রীয় জামে মসজিদ, টাচস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় গণসংযোগ করেন জাহাঙ্গীর।
তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা সিটি নির্বাচনে অংশ নেওয়া বিএনপি দলীয় মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিনসহ নেতা-কর্মীরা।
এ সময় এস এম জাহাঙ্গীর বলেন, “আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের ভোট। আপনারা সারা দেশে অনেক নির্বাচন এই সরকারের আমলে দেখেছেন। এই সরকারের জনগণের কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। যার কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতে করেছে। জনগণকে তারা ভোট কেন্দ্রে আসতে দেয় না। আগামী ১২ নভেম্বর জনগণ সিদ্ধান্ত নিয়ে তারা ভোট কেন্দ্রে যাবেন। আওয়ামী লীগকে বলব, আপনারা যতই সন্ত্রাস করেন ১২ নভেম্বর জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষের ভোট দেবেন। জনগণ ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার বিজয় শুরু করবে।”
আরও বলেন, “আমরা যেখানেই গণসংযোগে নামি, সেখানেই হাজার হাজার জনতা আমাদের সঙ্গে নেমে এসেছে। এটা কিসের আলামত? এই সরকারকে যে মানুষ চায় না, তারই আলামত।”
“আমি শুধু আওয়ামী লীগ প্রার্থীকে মনে করিয়ে দিতে চাই,আপনার নেত্রী, এই এলাকার জনগণ যা কিছু বলে সেগুলো কান পেতে শুনে নেবেন। আমি আপনার সম্পর্কে কিছু বলতে চাই না। শুধু বলতে চাই, অতীতে যত চুরি করেছেন, জনগণের মধ্যে আপনার ও আপনার দল এবং সরকারের অবস্থান বুঝতে পারার জন্য বুকে যদি সাহস থাকে তাহলে গণতান্ত্রিক উপায়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিয়ে দেখেন। আপনাদের অনৈতিক কর্মফল মূল্যায়ন ও আপনাদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য হলেও ঢাকা-১৮ আসনের উপনির্বাচন সুষ্ঠু করেন।”
পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা আশা করি, ভোটের মাঠে সবাইকে সমান সুযোগ দেবেন। আমাদের নেতা–কর্মীদের বিনা কারণে ডিস্টার্ব করবেন না। এই আসনের আমাদের কোনো নেতা-কর্মীর নামে ওয়ারেন্ট নেই। আপনারা যখন-তখন যার বাসায় হানা দেন, মামলা দেবেন এখান থেকে প্রশাসনকে ফিরে আসতে আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি পুলিশেও অনেক ভালো লোক আছে। যারা বিবেকবান তারা বিবেক দিয়ে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করবেন।”
বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে করা বৈঠক প্রসঙ্গে বলেন, “আমরা বৈঠকে করে বলে এসেছি, আপনারা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আপনারা যদি আমাদের ভোটারদের কাছে যেতে না পারি, তাহলে কিন্তু ঢাকা-১৮ আসনের নেতা-কর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে বসে থাকব। আপনারা বলেছেন, এবার ৩০ তারিখের ভোট ২৯ তারিখ হবে না— এটা আমরা বিশ্বাস করতে চাই। বিদায় বেলায় একটা সুষ্ঠু নির্বাচন করতে পারেন তার প্রমাণ দিয়ে যান।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button