জাতীয়শিরোনাম

ঢাকা সিটিতে ভোটারহীন নির্বাচনে আতিকুল জয়ী

নীরবে শেষ হলো ভোটারশূন্য, আগ্রহহীন ও নিরুত্তাপ এক নির্বাচনে ভোটগ্রহণ। নগরীর অনেক ভোটারই জানেন না সিটিতে নির্বাচন। অনেক ভোটকেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় জানতে চান কি হচ্ছে এখানে? ভোট বলা হলে, আবার প্রশ্ন, কিসের ভোট? যারা ভোট দিতে গিয়েছেন তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে নাম্বার খুঁজে পেতে। এ
বার ভোটারদের নাম্বার খুঁজে পেতে নির্বাচন কমিশন থেকে এসএমএসের কোনো পদ্ধতি রাখা হয়নি। সরেজমিন কেন্দ্রগুলো ঘুরে ভোটারদের তেমন একটা উপস্থিতি দেখা না গেলেও নির্বাচন কমিশনের (ইসি) সচিব বলেছেন আনুমানিক ৫০ শতাংশ ভোট পড়েছে। প্রধান বিরোধী দল অংশ না নেয়ায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আর বিশ্লেষকেরা বলছেন, অতীতে নির্বাচন দেখে মানুষের ভোট দেয়ার আগ্রহ হারিয়ে গেছে। তাই তারা ভোট দিতে যাননি। উৎসাহ-উদ্দীপনা রাজনৈতিক দল ও ভোটার কারো মধ্যে ছিল না।
অসমাপ্ত এক বছর মেয়াদের জন্য ঢাকা উত্তর সিটির মেয়র পদে নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনের সার্বিক চিত্র দেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখায়নি। তাদের অংশগ্রহণ না থাকায় ভোটারদের কাছে এই নির্বাচন গুরুত্ব হারিয়ে ফেলেছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, এই উপনির্বাচনে ভোটারদের তেমন উৎসাহ-উদ্দীপনা ছিল না। তার মধ্যে সকাল থেকেই বিভিন্ন এলাকায় ছিল বৃষ্টি। সব মিলে ভোটারদের আগ্রহ ছিল খুব কম।
খোদ ইসির জ্যেষ্ঠ কমিশনার মাহবুব তালুকদার মগবাজার ইস্পাহানি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সরকারদলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট সেখানে দেখেননি বলে জানান। তার তথ্যানুযায়ী, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত একই ইমারতে অবস্থিত পাঁচটি ভোটকেন্দ্রের ১৫টি বুথে মাত্র ৩৮৫ জন ভোট দিয়েছেন। অথচ পাঁচ কেন্দ্রে ভোটার সংখ্যা ৯ হাজার ৪১৩ জন।
শাহীনবাগ সিভিল অ্যাভিয়েশন স্কুল কেন্দ্রের ভোটার মাহবুুবুর রহমান বুথে গিয়েও ভোট দিতে পারেননি বলে জানান। তিনি বলেন, বেলা ১টায় তিনি ভোট দিতে যান। বুথে ঢুকে দেখেন শুধু পোলিং অফিসার বসে আছেন। তিনি ভোটার স্লিপ দিয়ে ব্যালট পেপার চাইলে কর্মকর্তা বলেন, লোকজন নেই। দেরি হবে। তারা কোথায় গেছে জানতে চাওয়া হলে ওই পোলিং কর্মকর্তা বলেন, লাঞ্চে গেছে। পরে মাহবুবুর রহমান জানান, তিনি পোলিং কর্মকর্তাকে তার ভোটার স্লিপ দিয়ে বলেন, স্লিপ রাখেন, আপনারাই ভোটটা দিয়ে দিয়েন।
মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ভোটারের সাথে কথা বলে বেলা সাড়ে ১১টায় জানা যায়, ওই কেন্দ্রের দ্বিতীয়তলায় পুরুষ বুথে সাড়ে তিন ঘণ্টায় মাত্র ১০টি ভোট পড়েছে। পুরো কেন্দ্রের ভেতরে ভোটারদের হাতেগোনা দু-একজনের উপস্থিতি লক্ষণীয় ছিল। নির্বাচনে মেয়র পদে দু’টি রাজনৈতিক দলেরসহ মোট পাঁচজন প্রার্থী ছিলেন। কিন্তু ওই বুথে মাত্র দু’জন পোলিং এজেন্টকে দেখা গেছে। পোলিং অফিসার জানান, কেউ এজেন্ট দেয়নি। তাই নেই। ভোটাররা আসছে না। তিনি ভোটারকে বলেন, আপনি বাসায় গিয়ে অন্য ভোটারদের পাঠিয়ে দেন।
উপনির্বাচনে মেয়র পদে পাঁচ প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগের আতিকুল ইসলাম, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) থেকে শাহিন খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী নর্থসাউথ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো: আব্দুর রহিম।
জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ শাফিন আহমেদ সাংবাদিকদের বলেন, ভোটে মানুষের আগ্রহ কম। কারণ এর আগে যে নির্বাচন হয়েছে সেগুলো অবাধ ও সুষ্ঠু হয়নি। অতীতের সেই নির্বাচনের পরিস্থিতিতে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন বলেই তারা ভোটকেন্দ্রে আসতে চাচ্ছেন না। আর এ কারণেই ভোটকেন্দ্রে উপস্থিতি কম।
নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ফেমার চেয়ারপারসন মুনিয়া খানের মতে, মাত্র এক বছর, এত কম সময়ের জন্য এই নির্বাচন। তাই অনেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখাননি। কারণ এত অল্প সময়ে কি বা কাজ করতে পারবেন তারা। পরের পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশ নিলে তখন গত এক বছরে কি কাজ করেছেন সেটাকে আমলে নেবে ভোটাররা। তাই এই নির্বাচন নিয়ে উৎসাহ কম। তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া ছাড়াও মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়েছে।
স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদারের মতে, এটা কোনো নির্বাচন নয়। একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমি যেসব কেন্দ্র ঘুরেছি তাতে কোথাও লোকজন নেই। তিনি বলেন, ভোটের প্রতি মানুষের একটা অনীহা এসে গেছে। কারো কোনো আগ্রহ নেই। কারণ তারা ভোটার হয়েও নিজের ভোট দিতে পারেন না। আবার কেউ কেউ কেন্দ্রেও যেতে পারেন না। তিনি বলেন, দেশের অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। যার কারণেও ভোটাররা এই নির্বাচনে ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন।

বিপুল ভোটে আতিকুলের জয় :
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৩০২। আতিকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button