
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। আজ মঙ্গলবার ভোর থেকেই যানজট দেখা গেলেও বিকেল থেকে তা প্রকট আকার নেয়। এতে নির্ধারিত সময়ে যানবাহনগুলো গন্তব্যে পৌঁছুতে পারছে না। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি ঈদেই যানজটের কবলে পড়ে নাকাল হয় জনসাধারণ। তবে এবার ঈদের ছুটির শুরুতে তেমন যানজট হয়নি। শুধু ঈদের একদিন আগে যানজটের সৃষ্টি হয়। তখন টাঙ্গাইল থেকে ঢাকা বা ঢাকা থেকে টাঙ্গাইল পৌঁছুতে তিন ঘন্টার স্থলে সময় লাগে ১৫ ঘন্টা। আবার ঈদের পরেও তেমন যানজট ছিল না। কিন্তু আজ মঙ্গলবার ভোর থেকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়। এতে পথে পথে অতিরিক্ত সময় ব্যয় হয় যাত্রীদের।
আজ সকালে মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস ও করটিয়া বাজার বাইপাসে সড়ক দুর্ঘটনা ঘটে। করাতিপাড়ায় ট্রাক ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় আহত অন্তত ১০ জন। দুর্ঘটনার ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়।
ভুক্তভোগীরা জানান, কালিহাতীর এলেঙ্গা থেকে টাঙ্গাইল শহরের দুরত্ব ১০ কিলোমিটার। এই পথ যেতে আজ ১০ মিনিটের স্থলে সময় লেগেছে কমপক্ষে ৪০ মিনিট। চারলেনের জন্য মহাসড়কের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার দু’পাশে মাটি ফেলা হয়েছে। আর বৃষ্টিতে রাস্তার দু’পাশেই কাদা হয়ে যাওয়ায় লোকাল বাসগুলো রাস্তার উপর থামিয়েই যাত্রী উঠানামা করে। লেগুনাগুলোও একই কাজ করছে। ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই রাস্তায় উভয়পাশে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে।
সকালে এবং সন্ধ্যায় এলেঙ্গা গিয়ে দেখা যায়, রাস্তায় গাড়ির প্রচুর চাপ। ঈদের ছুটির পর এখনো রাজধানীতে ফিরছে মানুষ। রাজধানীর অনেক লক্করঝক্কর মার্কা গাড়িগুলোও চলতে দেখা যায়। ঢাকার দোতলা বাসও চলতে দেখা গেছে।
সন্ধ্যায় এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গাড়ির প্রচুর চাপ থাকায় ধীরে ধীরে যানবাহন চলাচল করছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ওসি হুমায়ুন কবীর জানান, রাস্তায় গাড়ির চাপ আছে। তাই কখনো দ্রুত গতিতে আবার কখনো ধীর গতিতে গাড়ি চলাচল করছে।
সুত্র: নয়াদিগন্ত




