ডিজিটাল স্ক্রিনে বাজারদর নিয়ন্ত্রণ করবে ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাভুক্ত বাজারগুলোতে ডিজিটাল বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হচ্ছে। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যেই এই সেবা কার্যকর হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার (৯ মে) সকালে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মেয়র সাঈদ খোকন বলেন, আমাদের ২১টি কাঁচাবাজার রয়েছে, যেখানে প্রতিদিন ঘুরে ঘুরে মূল্য তালিকা হালনাগাদ করা খুব কষ্টসাধ্য। আবার অনেক সময়ই আমাদের লোকেরা চলে গেলে ব্যবসায়ীরা মূল্য তালিকা সরিয়ে ফেলেন। তাই আমরা নগর ভবন থেকেই যেন মূল্য তালিকা হালনাগাদ করতে পারি তার জন্য একে ডিজিটাল করছি। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসবে। সেখানে প্রতিদিনের মূল্য তালিকা নগর ভবন থেকেই দেওয়া হবে।
তিনি বলেন, এবারের রমজানে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। কিছু কিছু পণ্যের দাম যেমন চিনি, সয়াবিন তেল আগের রমজানের থেকেও কম আছে। তবে গরুর মাংসের দাম আগের সময়ের থেকে বেশি; আমাদের স্বীকার করতেই হচ্ছে। এ জন্য গাবতলীর চাঁদাবাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আমরা সেটিও বন্ধের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ করব। আশা করি, এটা বন্ধ হলে মাংসের দাম কমবে।
এসময় ডিএসসিসি, জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



