ডিএনডির ২২ লাখ মানুষ প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান বলেছেন, ডিএনডির ২২ লাখ মানুষ প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে। কারণ ১ সেপ্টেম্বর ডিএনডির এই প্রজেক্ট একনেকে উঠবে। সেদিন যদি প্রধানমন্ত্রী ডিএনডির এ প্রজেক্ট অনুমোদন করেন, তাহলে আমি আশা করি ডিএনডিবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তিনি বলেন, এ এলাকার ২২ লাখ মানুষকে পানিবন্দি থেকে মুক্তির জন্য ডিএনডির এ প্রজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আরো প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিলে এ প্রজেক্টের বাকি কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আমি মনে করি।
শামীম ওসমান আরো বলেন, পঁচাত্তরের মতো ঘটনা ঘটানোর জন্য চারিদিকে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরা মুখোশ পড়ে দেশে-বিদেশে, ঘরে-বাইরে এমনকি আমাদের ভেতরে ঢুকে এ ষড়যন্ত্র করছে।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলা বাড়ি এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের বাস্তবায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলী, ডিএনডি প্রকল্প পরিচালক লেফটেনেন্ট কর্নেল মো. মাসফিকুল আলম ভুইয়া, প্রকল্প কর্মকর্তা মেজর সৈয়দ মোস্তাকীম হায়দার, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান, নাসিক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন প্রমুখ।
অনুষ্ঠানে শামীম ওসমান ডিএনডি প্রজেক্টের ইতিহাস স্মরণ করে বলেন, তৎকালীন পরিকল্পনামন্ত্রী মোস্তফা কামাল সাহেবকে দুপুরে খাবারের টেবিল থেকে জোর করে নিয়ে এসেছিলাম ডিএনডিবাসীর দুঃখ-দুর্দশা সরাসরি দেখানোর জন্য। তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করার পর ডিএনডি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। তিনি বলেন, এটি সম্পূর্ণ বাস্তবায়ন হলে হাতির ঝিলের মতোই সুন্দর হবে এই এলাকাটি। এ ছাড়া সাড়ে চার শ কোটি টাকা ব্যায়ে নারায়ণগঞ্জের লিংক রোডকে ৬ লেনে উন্নীত করার কাজ হাতে নেয়া হয়েছে। অবিলম্বে কাজ শুরু হবে। চাষাড়া থেকে আদমজী রেলওয়ের জায়গায় ৪০ ফিট প্রশস্ত রাস্তার কাজও খুব দ্রুত শুরু হবে। এখানেও প্রায় সোয়া কোটি টাকার বাজেট পাশ হয়েছে। এরপর আমরা নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য কাজ শুরু করব।
তিনি বলেন, আমি নারায়ণগঞ্জকে পরিপূর্ণ একটি আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই।
শামীম ওসমান বলেন, সংসদ সদস্য বা মন্ত্রী হতে রাজনীতিতে আসি নাই, বঙ্গবন্ধু হত্যার বিচার বাস্তবায়নের জন্য রাজনীতিতে এসেছি। যারা জাতীর পিতাকে হত্যা করেছে, তারা একজন মানুষকে মারে নাই। তারা এ দেশের যুবসমাজের স্বপ্ন শেষ করে দিয়েছে। আমাদের দেশের ছেলেদের আজ বিদেশে যাচ্ছে অথচ বঙ্গবন্ধু জীবিত থাকলে বিদেশের ছেলেরা আজ বাংলাদেশে আসত। দেশ রূপান্তর




