ডাবলিনে পাকিস্তানের রানের পাহাড়

বৃষ্টিতে বেশ কিছুটা সময় নষ্ট হয়েছে ম্যাচের। আউট ফিল্ড, পিচ ভেজা। ব্যাটসম্যানদের স্বাচ্ছন্দে খেলা কঠিন হবে ভেবেই হয়তো আইরিশ অধিনায়ক টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন। কিন্তু সেসবকে থোরাই কেয়ার করে ডাবলিনে রীতিমত বিস্ফোরক ইনিংস খেলেছেন শারজিল খান। তার তাণ্ডবে সফরকারী পাকিস্তান নির্দিষ্ট ৪৭ ওভারে ৬ উইকেটে তুলেছে ৩৩৭ রান।
১২ ম্যাচের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি এটি পাক ওপেনারের। মাত্র ৮৬ বলে ১৬ টি চার আর ৯টি ছক্কায় করেছেন ১৫২ রান। টপ অর্ডারের ব্যাটসম্যানরা কেউ তাকে সঙ্গ দিতে না পারলেও, তার গড়ে দেয়া ভিতের ওপর দাড়িয়ে শেষ দিকে দলের স্কোর বাড়ানোর দায়িত্ব পালন করেছেন দুই মিডল অর্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ নওয়াজ। প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে নেমেই নওয়াজ পেয়েছেন হাফ সেঞ্চুরি(৫৩)। আর অন্য প্রান্তে শোয়েব মালিক খেলেছেন ৩৭ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই অধিনায়ক আজহার আলীকে হারায় পাকিস্তান। এরপর মোহাম্মদ হাফিজ(৩৭) ও বাবর আজমকে(২৯) নিয়ে দুটি জুটি গড়েন শারজিল খান। প্রথম ৩০ ওভারেই দলীয় ২০০ রান পার করে পাকিস্তান।




