
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদসহ (ডাকসু) সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন হতে তারা এই মিছিল শুরু করে।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি সুমন সেন গুপ্ত, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দী প্রমুখ।
লিটন নন্দী বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকল নির্বাচন হয়। অথচ যাদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ছাত্রদের নির্বাচন হয় না। আগামী ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন না দিলে কঠোর আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।
সমাবেশ পরবর্তী পাঁচ সদস্যের একটি কমিটি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সঙ্গে দেখা করেন।




