শিক্ষাশিরোনাম

ডাকসুর নির্বাচিত ভিপি নুরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন রোকেয়া হলে ভাঙচুরের ঘটনায় নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাসান জানান, নৃত্যকলা বিভাগের মার্জুকা রায়না নামের এক শিক্ষার্থী সোমবার রাতে এ মামলা দায়ের করেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
মামলায় অভিযুক্ত অন্যরা হলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, জাতীয়তাবাদী ছাত্রদলের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার যুগ্ম আহ্বায়ক খান আনিসুর রহমান, ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজির এবং শেখ মৌসুমী।
এ ছাড়া রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদাকে অপমানিত করার অভিযোগে ওই পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
তিনটি ব্যালট বাক্স সিলগালা করে রোকেয়া হলের একটি কক্ষে গোপনে রাখা হয়েছে অভিযোগ পেয়ে নুরসহ তাঁর প্যানেলের অন্যরা সোমবার দুপুরের দিকে ওই হলে যান।
এ সময় নুর ও তাঁর অনুসারীরা হল প্রভোস্টকে ওই কক্ষের ভেতরে কী আছে, তা দেখতে চান। কিন্তু জিনাত তাঁদের প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন।
পরে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান, প্রক্টর গোলাম রব্বানী এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে যান এবং প্রভোস্টের সঙ্গে বৈঠক করেন।
এদিকে রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা ভোট জালিয়াতির অভিযোগ এনে বিক্ষোভ করেন এবং হলের ভেতরের ভোটকেন্দ্রে ভাঙচুর চালান।
অন্যদিকে নির্বাচনের সময় বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানাতে গেলে নুরুল হক নুরের ওপর রোকেয়া হলের ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের একপর্যায়ে আহত হন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button