আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ডনাল্ড ট্রাম্পের সমালোচনা তার নিজের ঘরেও

মেয়েদের নিয়ে তার অশালীন মন্তব্য সম্বলিত একটি ভিডিও ফাঁস হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ডনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ছে।
আর এই চাপ আসছে প্রধানত তার নিজের দল রিপাবলিকান পার্টি থেকে।
কিন্তু মি. ট্রাম্প বলছেন কখনোই তিনি নির্বাচন থেকে সরবেন না।
নির্বাচনের মাত্র এক মাস আগে ডনাল্ড ট্রাম্পের এরকম একটি ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর তার নির্বাচনী প্রচারণা বড় রকমের সঙ্কটের মুখে পড়েছে।
নিজের দল রিপাবলিকান দলের নেতা এমনকি নিজের ঘরেও সমালোচনার মুখে পড়েছেন তিনি।
রিপাবলিকান বহু নেতা বলেছেন, তারা মি. ট্রাম্পকে ভোট দেবেন না।
১১ বছর আগের ওই টেপে মি. ট্রাম্প নারীদের সম্পর্কে নোংরা মন্তব্য করেছেন।
এরপর খোদ রিপাবলিকান দলের ভেতরেই তার বিরুদ্ধে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।
অশালীন মন্তব্যের জন্যে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চেয়ে বিবৃতি দিলেও সেই ঝড় এখনও থামেনি।
দলের শীর্ষস্থানীয় বহু নেতাও এখন তাকে প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে যাওয়ার আহবান জানিয়েছেন।
রিপাবলিকান দলের এই নেতাদের মধ্যে রয়েছেন গত নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী জন ম্যাককেইন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজ্জা রাইস।
মি. ম্যাককেইন বলেছেন, এধরনের মন্তব্যের পর তার প্রতি সমর্থন অব্যাহত রাখা কঠিন।
তিনি বলেন, “যথেষ্ট হয়েছে। মি. ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। তার সরে দাঁড়ানো উচিত।”

নারীদের প্রতি অশ্লীল মন্তব্য ফাঁস হবার পর চাপের মুখে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প
নারীদের প্রতি অশ্লীল মন্তব্য ফাঁস হবার পর চাপের মুখে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প

তবে এই আহবানে মোটেও কান দিচ্ছেন না ডনাল্ড ট্রাম্প।
এক টুইট বার্তায় তিনি বলেছেন, সংবাদ মাধ্যম ও প্রাতিষ্ঠানিক রাজনৈতিক শক্তি তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চায়।
“কিন্তু আমি কখনোই এই লড়াই থেকে সরবো না,” বলেন তিনি। এবং দাবী করেছেন যে তার প্রতি অবিশ্বাস্য রকমের সমর্থন তৈরি হচ্ছে।
ডনাল্ড ট্রাম্পের নিজের ঘর থেকেও তার সমালোচনা হয়েছে।
স্ত্রী মেলানি ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, তার স্বামী যা বলেছেন তা গ্রহণযোগ্য নয়।
“এটা আমার জন্যেও আক্রমণাত্মক,” বলেন তিনি।
তবে তিনি আশা করেন, অ্যামেরিকার জনগণ তাকে ক্ষমা করবে।
ডনাল্ড ট্রাম্পকে নিয়ে এসব কথাবার্তা এমন এক সময়ে হচ্ছে যখন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের সাথে আজ রোববার সন্ধ্যায় মি. ট্রাম্পের সরাসরি টিভি বিতর্কে অংশ নেওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button