ঠাকুরগাঁও বিএনপির সভাপতি তৈমুর রহমানের ইন্তেকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: তৈমুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন এ তথ্য জানান।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ জানান, ২০২৩ সালের ১৫ ডিসেম্বরের দিকে চিকিৎসার জন্য ভারতে যান তিনি। মূলত তিনি তাঁর ফুসফুসে টিউমার অপারেশনের জন্য ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে তিনি মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরে তিনি সুস্থ্য ছিলেন। হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দিয়েছিল। একটি রক্তের পরীক্ষার রিপোর্টের জন্য তিনি সেখানে লজে ছিলেন। আগামী ৮-৯ মার্চের মধ্যে তাঁর বাংলাদেশে ফেরার কথা ছিল। রোববার বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালিন তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও আত্মীয়স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তৈমুর রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন। ওই সময় তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়ন পরিষদে কয়েক দফা চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।
২০০৯ সালের কাউন্সিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও তৈমুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে তিনি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।
তৈমুর রহমানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।




