ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জামালপুরগ্রামী বাস ও পঞ্চগড়গামী মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন গুরুতর আহত হয়েছেন। এ সময় বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।
রোববার (২৮ জানুয়ারী) সকাল ৯টায় জেলার ভুল্লী কচুবাড়ি ভাটা এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন (৩০), টাঙ্গাইলের ভুঞাপুর থানার সিরাজকান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব (২৫), একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু (৫০) এবং নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল (৩০)।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা সারোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘনকুয়াশার কারণে পঞ্চগড়গামী একটি মাছবহনকারী ট্রাক ও পঞ্চগড় থেকে ছেড়ে জামালপুরের উদ্দেশে রওনা হওয়া শিবু বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।



