
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঐতিহ্যবাহী সরকার পাড়া আজাদ ক্লাবের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
আজাদ ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মোঃ নুরুজ্জামান নুরু বলেন, দীর্ঘ ৬৩ বছর ধরে এই ক্লাবটি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান বলেন, এই ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি এলাকার ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময় করা হয়।



