টেকনাফে সোয়া ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

সংবাদদাতা, টেকনাফ : টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অভিযানে ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের ১ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে খারাংখালী বিওপির আওতাধীন বিআরএম-১৫ এবং ১৬ এর মধ্যবর্তী এলাকায় নাফ নদীর তীর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। পরে বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ওই এলাকায় গমন করে গোপনে অবস্থান নেয়।
রাত আনুমানিক ১০টার দিকে টহল দল একজন ইয়াবা কারবারিকে দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে সাঁতরে বিআরএম-১৫ থেকে প্রায় ১০০ গজ উত্তর দিক দিয়ে নদীর তীর হতে বেড়ি বাঁধে উঠতে দেখে চ্যালেঞ্জ করে।
চোরাকারবারী দূর থেকে টহল দলের উপস্থিতি লক্ষ্য করে তার সঙ্গে থাকা বস্তা দুটি ফেলে লাফ দিয়ে নাফ নদীতে নেমে সাঁতরে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা দুটি উদ্ধার করে।
উদ্ধারকৃত বস্তার ভেতর থেকে ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের ১ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় বিজিবি। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।




