টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই : যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিলো বাংলার মেয়েরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার (১ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের আরব্রথ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের দেয়া ৪৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সালমা-জাহানারারা।
যুক্তরাষ্ট্রের মেয়েরা টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের বোলিং তোপের মুখে পড়ে। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায়। যুক্তরাষ্ট্রের একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্কের কোটায় রান করেন সুগেথা চন্দ্রশেখর। তিনি ৩৭ বল খেলে ১ চারে ১৫টি রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন শিবানি বসকার।
বল হাতে বাংলাদেশের নাহিদা আক্তার ৩.৫ ওভার বল করে ১ মেডেনসহ ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। জাহানারা আলম ৪ ওভারে ৭ রান দিয়ে ২টি ও খাদিজাতুল কুবরা ৪ ওভার বল করে ১ মেডেনসহ ১০ রান দিয়ে ২টি উইকেট নেন।
জবাবে ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের করা ৪৮ রানের মধ্যে সানজিদা ইসলাম একাই করেছেন ৩০ রান। ৩টি চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। আয়শা রহমান ৮, নিগার সুলতানা ৫* ও রিতু মনি ১* রান করেন।
এর আগে শনিবার (৩১ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মেয়েদের মুখোমুখি হয়েছিল সানজিদা-আয়শারা। কিন্তু বৃষ্টির কারণে ওই ম্যাচটি মাঠেই গড়াতে পারেনি। সোমবার (৩ সেপ্টেম্বর) রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
সোমবারের পর মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। দুই গ্রুপের শীর্ষে থাকা দু’টি করে দল সেমিফাইনাল খেলবে। আর ফাইনাল খেলা দু’টি দল সুযোগ পাবে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।




