
টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস নামের একটি কারখানায় শনিবার সকালে বয়লার বিস্ফোরণের ঘটনায় ২৬ জন মারা গেছেন। এ ঘটনায় যারা নিহত হয়েছেন এবং যারা অঙ্গহানির শিকার হয়েছেন, তাদেরকে সরকার দুই লাখ টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছে।
এই অনুদানের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি জানান, শ্রমিক কল্যাণ সংস্থা থেকে নিহত ও অঙ্গহানির শিকার যারা হয়েছেন, তাদেরকে দুই লাখ টাকা করে দেয়া হবে।
নিহতদের মধ্যে একজন স্থানীয় রিকশাচালকও আছেন। তাকে দুই লাখ টাকা দেয়া হবে কিনা, এ নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে বলে জানা গেছে।
গাজীপুরের জেলা প্রশাসনও অনুদানের ঘোষণা দিয়েছে। জানা গেছে, গাজীপুর প্রশাসন নিহতদের ২০ হাজার এবং আহতদের ১০ হাজার করে টাকা অনুদান দিবে।
এ ঘটনায় আহতের চিকিৎসার ব্যবস্থাও করেছে সরকার। বেশির ভাগ আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে।
উল্লেখ্য, শনিবার সকাল ছয়টায় ট্যাম্পাকো ফয়েলসের বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অনেকে প্রাণ হারান। বিস্ফোরণের ফলে পাঁচ তলা ভবনে আগুন লেগে যায়। নানা ধরনের কেমিক্যাল জাতীয় দ্রব্য থাকায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং ভবনটি একটি অংশে ধসও নামে।




