প্রবাস

ঝিনুকের প্রাচীর তৈরির মাধ্যমে বাঁধের ভাঙন ঠেকানো সম্ভব

কৃষি বিষয়ে হার্ভার্ড নামে পরিচিত ওয়াখেনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাংলাদেশের উপকূলে ভাঙ্গনসহ অন্যান্য পরিবেশ বিপর্যয় রোধে বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে ব্যাপক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হতে যাচ্ছে।
ওয়াখেনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি অধ্যয়নরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিসারিজের সহকারি অধ্যাপক মোহাম্মদ শাহ্ নেওয়াজ চৌধুরীর গবেষনার সূত্র ধরে উন্মুক্ত হতে পারে দ্বার। নেদারল্যান্ডের উপকূল রক্ষার অভিজ্ঞতা বিনিময় এবং ব্যাপক পরিবেশ সচেতনতার মাধ্যমে বাংলাদেশে তা কিভাবে প্রয়োগ করা যায় সে বিষয়ে আলোচনার উদ্দেশ্যে ওয়াখেনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আদ স্মাল, প্রফেসর টম ইয়েসবার্ট এবং নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে শাহনেওয়াজ চৌধুরী জৈব প্রকৌশল ব্যবহার করে পরিবেশবান্ধব টেকসই উপায়ে উপকূল রক্ষা বাঁধের ভাঙন ঠেকানোর যে প্রাথমিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে বিষয়ে অবহিত করেন। ওয়াখেনিঙ্গেন বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিসারিজ এর যৌথ উদ্যোগে কুতুবদিয়ায় সম্ভাবনা যাচাই করার উদ্দেশ্যে ঝিনুকের প্রাচীর তৈরি করে উপকূল রক্ষার যে কার্যক্রম চলমান রয়েছে তা তুলে ধরেন।
এই গবেষণা সফল হলে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সমুদ্র উপকূলীয় অঞ্চলে ঝিনুকের প্রাচীর ব্যবহার জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহায়ক হবে।
প্রফেসর স্মাল ও প্রফেসর ইয়েসবার্ট জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের সমুদ্র অঞ্চলে এবং সুন্দরবনের ম্যনগ্রোভ বনাঞ্চলে জৈব প্রকৌশল ব্যবহার করার উদ্যোগ গ্রহণের পরামর্শ প্রদান করেন। সামুদ্রিক মৎস্য ও বিভিন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ, বাণিজ্যিকভাবে এসব মৎস্য ও প্রাণী চাষ, পার্ল কালচার ও খাঁচায় মৎস্যচাষ প্রভৃতি ক্ষেত্রে ওয়াখেনিঙ্গেন বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় উপদেশমূলক সহায়তা প্রদান করতে পারে বলে জানান।
এ বিষয়ে তারা উভয়েই বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ সাধনে সহায়তা করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
রাষ্ট্রদূত বেলাল দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের সর্বাত্মক আশ্বাস প্রদান করেছেন।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button