ঝিনাইগাতীতে ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ৩শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
১২ মার্চ রবিবার রাত আনুমানিক সাড়ে ৩টার সময় ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী বাজার থেকে এসব ফেন্সিডিল ও প্রাইভেটকার আটক করা হয়।
ঝিনাইগাতী থানার সুত্রে জানা গেছে, রবিবার আনুমানিক রাত ২ টা ৩০ মিনিটের সময় ঝিনাইগাতী উপজেলার রাংটিয়াতে টহলরহ হাইওয়ে পুলিশের সামনে দিয়ে প্রাইভেটকারটি দ্রুত নালিতাবাড়ীর দিকে রওনা হলে পিছু নেয় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা, এএসআই আতিকুর রহমান সহ সঙ্গীয় পুলিশ।
পুলিশের ধাওয়া খেয়ে তারা নালিতাবাড়ীর দিকে না গিয়ে নন্নী রোড় হয়ে শেরপুর অভিমুখে রওনা দিয়ে কদমতলী বাজারের কাছে গিয়ে প্রাইভেটকারটি রেখে আসামীরা পালিয়ে যায়।
ঝিনাইগাতী থানা পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভিতরে ৩ শত বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
পরে ফেনসিডিল সহ প্রাইভেটকারটি থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত প্রাইভেটকারটি সহ পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের নামে থানায় নিয়োমিত মামলা দায়ের করা হয়েছে।




