slider

ঝালকাঠিতে আ’লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ৮নং হরিপাশা ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এ ঘটনা ঘটে। এতে ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, আওয়ামী লীগ কর্মী মনির হোসেন, আলমগীর হোসেনসহ কমপক্ষে ১০ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার ও সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদসহ দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ৮নং হরিপাশা ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালে নথুল্লাবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল কবির উপস্থিত নেতা-কর্মীদের সম্মতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে অন্যান্য পদের নাম ঘোষণা করছিলেন। এতে হরিপাশা ওয়ার্ডের ইউপি সদস্য হালিম গোলনদাজ আপত্তি করে মাইকে বলেন এই যাদের নাম বিভিন্ন পদে ঘোষণা করেছেন তাদের ডাকলেতো কোনো কর্মসূচিতে পাওয়া যায় না। এতে বিভিন্ন পদে ঘোষণা হওয়া নেতারা আপত্তি জানালে বাককিতন্ডার শুরু হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা চেয়ার ছোড়া ও মারধর শুরু করে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। অধিকাংশ নেতাকর্মী সভাস্থল ত্যাগ করে চলে যান। পরে উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝালকাঠি সদর থানার এএসআই মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত তিনজন চিকিৎসাধীন।

ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহাম্মুদ বলেন, বিএনপি-জামায়াতের বহিরাগত কিছু সন্ত্রাসী ঢুকে হঠাৎ করে আমাদের নেতাকর্মীদের সঙ্গে বাক-বিতন্ড সৃষ্টি করে। একপর্যায়ে উভয়পক্ষের মুখোমুখি
সংঘর্ষ হয়। পরে আমরা গিয়ে বিবাদ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button