জয়ে ফিরতে মরিয়া আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আবারো মাঠে নামছে আর্জেন্টিনা। আবারো তাদের মাঠে নামতে হচ্ছে দলের প্রাণভোমরা মেসিকে ছাড়াই।
বুধবার ভোরে মাঠে নামছে তারা প্যারাগুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি ইএসপিএন চ্যানেলে। ঘরের মাঠের এই ম্যাচ দিয়ে ছন্দে ফিরতে মরিয়া দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মেসি কুঁচকির চোটে এখন মাঠের বাইরে। তাকে ছাড়া গত ম্যচে পেরুর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে দল। তবে এবার জয়ের ধারায় ফিরতে চায় তারা।
কোচ এদগার্দো বাউসা বলেছেন মেসির অভার পূরণ করা সম্ভব না হলেও তার দলে এমন আরও অনেক খেলোয়াড় আছেন, যাদের পারফরম্যান্সে জয় পাওয়া সমস্যা হবে না।
পেরুর বিপক্ষে দুই দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটিতে তাই পাখির চোখ করে রেখেছে তারা।
এই মুহূর্তে তারা রয়েছে তালিকার পঞ্চম স্থানে। তাদের সমান ১৬ পয়েন্ট ইকুয়েডর ও কলম্বিয়ার থাকলেও তারা এগিয়ে গোল ব্যবধানে। বিপরীতে প্যারাগুয়ে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।




