জয়ী হলে হিলারি ক্লিনটনকে জেলে পাঠাবেন ট্রাম্প

জয়ী হলে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে জেলে পাঠাবেন বলে ঘোষণা দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড। ই-মেইল সার্ভার কেলেঙ্কারির জন্য হিলারিকে জেলে পাঠাবেন বলে গত রোবিবার রাতে দ্বিতীয় মুখোমুখি বিতর্কে ট্রাম্প এ কথা বলেন।
মিসৌরির সেন্ট লুইস ওয়াশিংটন ইউনিভার্সিটিতে আয়োজিত ওই বিতর্কে ট্রাম্প ঘোষণা দেন, নির্বাচনে জয়ী হলে ই-মেইল কেলেঙ্কারির জন্য বিশেষ একজন প্রসিকিউটর নিয়োগ দেবেন। হিলারি গুরুত্বপূর্ণ সার্ভারে ই-মেইল লেনদেন করে রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষতি করেছেন বলে দাবি করেন ট্রাম্প।
২০০৯-২০১৩ পর্যন্ত বারাক ওবামার পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব্যক্তিগত সার্ভার থেকে ৩০ হাজার ৬৮টি ই-মেইল আদান-প্রদান করে। এফবিআই ওই ইমেইলগুলো তদন্ত করে দুই হাজারেরও বেশি ই-মেইলে গোপনীয় তথ্য পেয়েছে বলে খবর বেরিয়েছিল।
অন্যদিকে ট্রাম্পের মত মন মানসিকতার কেউ হোয়াইট হাউজে নেই বলে স্বস্তিবোধ করছেন বলে হিলারি তার বক্তৃতায় উল্লেখ করেন। হিলারি বলেন, ‘ট্রাম্পের মন্তব্যই বলে দেয়, কেন তিনি হোয়াইট হাউজের জন্য উপযুক্ত নয়।’ এর আগে গত ২৭ সেপ্টেম্বর দুই প্রার্থী প্রথমবারের মত বিতর্কে মুখোমুখি হন। সেই বিতর্কের জনমত জরিপে হিলারি এগিয়ে রয়েছেন।
২০০৫ সালে নারীদের নিয়ে বাজে মন্তব্য করা একটি টেপ রেকড ফাঁস হওয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। এর জেরে নিজ দল রিপাবলিকানের বহু নেতার সমর্থন হারিয়েছেন তিনি।




