
জেলবন্দী ইমরান খানের সাথে দেখা করতে পারবেন তার দলের নেতাকর্মীরা ও আইনজীবীরা। আসন্ন নির্বাচন নিয়ে কৌশলী আলোচনাও করার অনুমতি দেয়া হয়েছে তাকে।
শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট এই অনুমতি দিয়েছে। এই মুহূর্তে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে কারাবন্দী জীবনযাপন করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
পিটিআই সূত্রের খবরে জানা গেছে, নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের সাথে বৈঠক করার অনুমতি চেয়েছিলেন ইমরান খান। এই নিয়ে আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন তিনি। এদিন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব নির্দেশ দেন, দলীয় নেতা ও আইনজীবীদের সাথে জেলে দেখা করতে পারবেন পিটিআই চেয়ারম্যান।
শুনানির সময় পাকিস্তানের অ্যাটর্নি-জেনারেল (এজিপি) মনসুর উসমান আওয়ান, ইমরানের আইনজীবী এবং আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্ট ইসলামাবাদ হাইকোর্টে হাজির ছিলেন।
তোশাখানা মামলায় গত ৫ আগস্ট গ্রেফতার হন ইমরান খান। হাজতবাসের পাশাপাশি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে ১ লাখ রুপির জরিমানাও করা হয়। পাঁচ বছর কোনো নির্বাচনে লড়তে পারবেন না তিনি বলেও জানানো হয়। তারপর থেকে পাঞ্জাব প্রদেশের অটোক জেলেই বন্দী ছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।
এরপর তার বিরুদ্ধে সাইফার মামলাও করা হয়। গত সেপ্টেম্বর মাসে অটোক জেল থেকে স্থানান্তর করা হয় আদিয়ালা জেলে। এই মুহূর্তে একের পর এক মামলার খাঁড়া ঝুলছে তার মাথায়।
সূত্র : ডন নিউজ




