খেলা

জুটির রেকর্ড গড়ে শ্রীলংকাকে হারালো রয় ও হেলস

ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে যে কোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে শ্রীলংকাকে দ্বিতীয় ওয়ানডেতে বড় হারের লজ্জা দিলো দুই ওপেনার জেসন রয় ও অ্যালেক্স হেলস।
উদ্বোধনী জুটিতে রয় ও হেলসের ২৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় ইংলিশরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ টাই হয়েছিলো।
সিরিজের প্রথম ম্যাচে ২৮৭ রানের লক্ষ্যে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ হারের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলো ইংল্যান্ড। তারপরও জস বাটলার ও ক্রিস ওয়াকসের দুর্দান্ত জুটি এবং ইনিংসের শেষ বলে লিয়াম প্লাংকেটের ছক্কায় নটিংহামের ম্যাচটি টাই করে ইংল্যান্ড।
যেখানে প্রথম ম্যাচের বড় লক্ষ্য পেরিয়ে যেতে এত খাটখড় পোড়াতে হলো, সেখানে দ্বিতীয় ম্যাচে হাসতে হাসতে ২৫৬ রান করে ফেললো ইংল্যান্ড। তাও বিনা উইকেটে। দু’উদ্বোধনী ব্যাটসম্যানরাই শেষ করে দেন ম্যাচ।
বার্মিংহামে ২৫৫ রানের টার্গেটে নিজেদের ইনিংসের শুরু থেকেই শ্রীলংকা বোলারদের উপর চড়াও ছিলেন রয় ও হেলস। প্রথম পাওয়া-প্লে’র ১০ ওভারে ৫৭ রান যোগ করেন তারা। দলকে শতরানে পৌছে দিতে ১০৬ বল মোকাবেলা করেন দুই ওপেনার।
আর ২৯তম ওভারে লেগ স্পিনার সেক্কুগে প্রসন্নর শেষ পাঁচ বল থেকে হেলস রান তুলেন- ৪,৪,৬,৬,৬। অর্থাৎ তিন ছক্কা ও দুই চারে ২৬ রান তুলে ইংল্যান্ডের সংগ্রহ ২’শ পার করেন হেলস। ওই ওভারের তৃতীয় ওভারে বাউন্ডারি হাকিয়ে ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন হেলস।
সেঞ্চুরির স্বাদ নিয়েছেন হেলসের সতীর্থ রয়ও। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া রয় ১১২ রানে অপরাজিত থাকেন। তার ৯৫ বলের ইনিংসে ৭টি চার ও ৪টি ছক্কা হাকাঁন রয়। হেলস অপরাজিত থাকেন ১৩৩ রানে। তার ১১০ বলের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা ছিলো।
৩৪.১ ওভারে উদ্বোধনী জুটিতে ২৫৬ রান তুলে ইংল্যান্ডের জয় নিশ্চিত করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন হেলস ও রয়। ইংল্যান্ডের হয়ে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তারা। এর আগের রেকর্ডটি ছিলো এন্ড্রু স্ট্রাউস ও জনাথন ট্রটের। ২০১০ সালে এই ভেন্যুতেই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২৫০ রানের জুটি গড়েছিলেন স্ট্রাউস ও ট্রট।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৫৪ রান তুলে শ্রীলংকা। দিনেশ চান্ডিমাল ৫২, উপুল থারাঙ্গা ৫৩ ও অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ ৪৪ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন প্লাংকেট ও আদিল রশিদ।
আগামীকাল ব্রিস্টলে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও ইংল্যান্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button