
মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটিতে বিএনপির উদ্যোগে নানান আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান (হেলাল) খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইলেন ভুট্টো বলেন,“৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাদের সফল রাস্ট্র নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা একটি বহুদলীয় গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাস্ট্র নায়ক। তিনি এদেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। আর ফ্যাসিষ্ট হাসিনা আর তার এমপি-মন্ত্রীরা দেশের সম্পদ লুট করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে।”
তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঝালকাঠি-২ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ।”
উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, বিএনপি নেতা গোলাম মস্তোফা ছালু, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, পৌর ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ সহ নলছিটি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষেষ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ইলেন ভুট্টোর নেতৃত্বে র্যালিটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।



