জালালের জোড়া গোলে বসুন্ধরার জয়

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ম্যাচে ভারতের ক্লাব চেন্নাই সিটি এফসিকে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে জালালের জোড়া গোলে ৩-২ ব্যবধানের জয় তুলে নেয় অস্কার ব্রুজনের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা কিংসরা এগিয়ে যায় ষষ্ঠ মিনিটে। দেনিয়েল কলিন্দ্রেসের ক্রসে হেড দেন বখতিয়ার। এরপর বল পান জালাল। লেবানিজ ফরোয়ার্ড বল জড়িয়ে দেন জালে।
রেফারি ৩২ মিনিটে লাল কার্ড দেখান চেন্নাইয়ের জাপানি মিডফিল্ডার কাৎসুমি ইয়োসাকে। ১০ জনের দল নিয়ে মাঠের মধ্যে ‘রাফ অ্যান্ড টাফ’ ফুটবল খেলতে থাকে চেন্নাই। ৪২ মিনিটে মাশুরের ক্রস থেকে চেন্নাইকে সমতায় ফেরান অধিনায়ক পেদ্রো হাভিয়ের ক্রুজ।
মাঝে ম্যাচ ১১ মিনিট বন্ধ থাকায় প্রথমার্ধেই ১২ মিনিট বাড়িয়ে দেওয়া হয়। যোগ করা সময়ে কিংসের কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ারকে ফাউল করেন চেন্নাইয়ের এক খেলোয়াড়। বিষয়টিকে কেন্দ্র করে মাঠে ঢুকে পড়েন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন। শিষ্যের আঘাত পাওয়ার ক্ষোভে তিনি বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন রেফারি ও চেন্নাই কোচ মোহাম্মদ আকবরের সঙ্গে। ম্যাচ রেফারি বিষয়টি সমাধান করেন দুই কোচকে লাল কার্ড দেখিয়ে।
বিরতির পর নাটক জমেছিল আরও। একের পর এক আক্রমণ করতে থাকা বসুন্ধরা পুনরায় এগিয়ে যায় ৫৮ মিনিটে। কলিন্দ্রেসের ক্রস থেকে ব্যবধানটা ২-১ করেন বখতিয়ার। ৬৯ মিনিটে ৯ জনের দল হয়ে পড়ে কিংসরা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার রবার্তো সুয়ারেজ। এর পরের মিনিটে গোল শোধ করে চেন্নাই। বল সেভ করতে এগিয়ে গিয়েছিলেন বসুন্ধরা গোলরক্ষকক আনিসুর রহমান জিকু। কিন্তু তার মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন মাশুর।
গোল হজমের পর একের পর এক আক্রমণ চালায় বসুন্ধরা। কিন্তু গত ম্যাচের মতো এবারও ফিনিশারের অভাবে গোল পাচ্ছিল না তারা। ৮৭ মিনিটে স্বস্তির গোল পায় ব্রুজনের দল। রবিউলের ক্রস থেকে বসুন্ধরাকে জয়সূচক গোল এনে দেন জালাল। বাকি সময় ব্যবধান ধরে রেখে সেমির আশা নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।




