জামালপুরে চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ ৬ জন করোনায় আক্রান্ত

জামালপুরে চিকিৎসক, সাংবাদিক, পুলিশ কর্মকর্তাসহ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩২। মঙ্গলবার সন্ধ্যায় জামালপুরের সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।
জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে এক চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৪ জন, একজন সাংবাদিক, একজন পুলিশ কর্মকর্তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তারা সবাই সদর উপজেলার। এ নিয়ে জেলায় মোট ৩২ জনের দেহে ভাইরাসের সংক্রামণ শনাক্ত হলো। এদের মধ্যে ইসলামপুরের ২ নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে।
এছাড়াও দেওয়াগঞ্জের আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে ময়মনসিংহ এসকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নতুন করে আক্রান্তরা হলেন, একটি অনলাইন পোর্টলের জামালপুর প্রতিনিধি ৩০ বছর বয়সী এক সাংবাদিক, ৪৮ বছর বয়সী একজন পুলিশ কর্মকর্তা, ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং ৩ স্বাস্থ্যকর্মী।
দেশ রূপান্তর




