
মামলা প্রত্যাহারসহ চারদফা দাবিতে টানা তিন দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পূর্বঘোষিত এ লাগাতার অবরোধ কর্মসূচী পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
অবরোধের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অবরোধের কারণে বুধবারও উপাচার্য, উপ-উপাচার্য, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী কেউই প্রশাসনিক ভবনে অফিস করতে পারেনি।
আন্দোলনের সংগঠক ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, ‘সিন্ডিকেট এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না পর্যন্ত আমাদের এই লাগাতার অবরোধ চলবে।’ এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন বলেন, ‘মামলা সমস্যা সংক্রান্ত সমাধান কার্যাবলী প্রক্রিয়াধীন রয়েছে। এখন যদি শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করে তাহলে তো আমাদের কিছু করার নেই।’
এদিকে, বুধবার বেলা ৩ টার দিকে ‘সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন বামপন্থী শিক্ষকরা।




