জলবায়ু সুবিচারের দাবিতে কিশোরীদের সাইকেল যাত্রা ও লাল কার্ড প্রদর্শন

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “নিয়ম পরিবর্তন করুন,জলবায়ু নয়”
এই শ্লোগানে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনীদেশ গুলোর কাছে সুবিচারের দাবিতে মানিকগঞ্জে জলবায়ু যাত্রা ও লাল কার্ড প্রদর্শন অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গবেষনা প্রতিষ্ঠান বারসিক’র আয়োজনে বাহিরচর ইউনিয়নের বকচর মাঠে যুব,কিশোরী ও নারীদের অংশগ্রহণে এই জলবায়ু যাত্রা ও লাল কার্ড প্রদর্শন করা হয়।
এই সময় উপস্থিত সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।এছাড়া পদ্মা পাড়ের পাঠশালার পরিচালক মীর নাদিম বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের পদ্মা নদীতে ভাঙ্গন হয়।আমরা এই নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ চাই এবং আমরা সবাই সচেতন হই, যে আমরা যেখানে সেখানে ময়লা ও প্লাস্টিকের আর্বজনা ফেলব না।
সমাজসেবক ও কৃষক মো.শহিদ বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও খড়া দেখা যাচ্ছে। এতে আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জলবায়ু সুবিচার চাই। আরোও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য মনির হোসেন, বারসিক এর প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, যুব ফেসিলিটেটর রুমা আক্তার, সুমি আক্তার ও মো.শহিদুল ইসলাম ।
জলবায়ু পরিবর্তন নিয়ে ধনী দেশ মিথ্যা বলছে’,’বনকে রক্ষা করুন’,’জলবায়ু পরিবর্তনের জন্য বিলুপ্তু হচ্ছে প্রাণবৈচিত্র্য’,’উন্নত জীবনের জন্য কার্বন দূষণ বন্ধ করুন’, ‘জলবায়ু পরিবর্তন বন্ধ করুন’, ‘আমরা বাঁচতে চাই’,’জলবায়ু পরিবর্তন রোধে আসুন দায়িত্বশীল হই’, ‘কার্বন দূষণ থামাও, আমাদের বাঁচতে দাও’, এরকম বিভিন্ন শ্লোগান সংবলিত প্লেকার্ড গলায় দিয়ে যুব ও কিশোরীরা জলবায়ু যাত্রা করেন।
জলবায়ু যাত্রা শেষে সবাই মিলে লাল কার্ড প্রদর্শন করেন।




