
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাম্মিরে চীনা ও ভরতীয় সেনারা যৌথ মহড়ায় অংশ নিয়েছে। গতকাল বুধবার দিনব্যাপি ওই মহড়া অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতে আয়োজিত এটাই প্রথম কোন মহড়া যাতে ভারত ও চীনের সৈন্যরা অংশ নিল।
প্রতিবেশী দেশ দুটির মাঝে মানবিক ত্রাণ ও দুর্যোগ মোকাবেলার স্বার্থে ওই মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। কাশ্মিরের পূর্ব লাদাগের একটি গ্রামে কাল্পনিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পরিস্থিতিতে দুই দেশের যৌথ উদ্ধারকারী দল সেখানে উদ্ধার অভিযান মহড়া পরিচালনা করে। কিভাবে ধ্বংসপ্রাপ্ত লোকালয় থেকে লোকজনকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া যায় সে বিষয়ে মহড়ায় প্রশিক্ষণ দেয়া হয় সেনাদের।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে লাদাখের নিয়ন্ত্রণ রেখার (এলএসি) বিপরীরিত পাশে চীন নিয়ন্ত্রিত অংশে দুদেশের মধ্যে প্রথম যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল। প্রথম মহড়ার ৮মাসের মাথায় এবার ভারতের অংশে ২য় যৌথ মহড়া অনুষ্ঠিত হল।
বুধবারের ওই মহড়ায় ভারতীয় সেনাদের পক্ষে নেতৃত্ব দেন বিগ্রেডিয়ার আর এস রমন এবং চীনা পক্ষের নেতৃত্বে ছিলেন সিনিয়র কর্নেল ফ্যান জুন। এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী ওই মহড়াকে তাদের গুরুত্বপূর্ণ সফলতার অংশ বলে দাবি করেছে।
নিউক্লিয়ার্স সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের যোগ দেয়ার চেষ্টা ও পাকিস্তান ইস্যু থেকে শুরু করে জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী মাসুদ আজহারসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবেশী এই দেশদুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলে আসছে দীর্ঘ দিন ধরেই। এরই মাঝে এমন মহড়া এই দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর মাঝে আস্থা ও সম্প্রীতি বৃদ্ধি করবে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যমগুলো।




