Uncategorized

জমি নিয়ে বিরোধ : চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

সংবাদদাতা, রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন অবিনাশ সরকার (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অবিনাশ সরকার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকার প্রাণ কুমারের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুমন আজহার জানান, পোড়াব এলাকার নিহত অবিনাশ সরকারের সঙ্গে তার চাচাতো ভাই অর্জুন সরকারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
বুধবার সকালে এ বিরোধের জের ধরে পুনরায় দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ অর্জুন সরকার, নকুল, স্বদেব সরকার, জীবন সরকারসহ ৮/১০ জন মিলে অবিনাশ সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
এ সময় তার ছেলে দুর্জয় সরকার, ভাতিজা যীষ্ণু সরকার ও প্রকাশ সরকার তাকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাদেরও এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় অবিনাশ সরকারকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দুর্জয়, প্রকাশ ও যীষ্ণু সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাড়িঘরে তালা ঝুলিয়ে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button