জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য-আরপিএমপি কমিশনার

রংপুর প্রতিনিধি : রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেছেন, জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। বিট পুলিশিংয়ের মাধ্যমে সামাজিক শৃক্সখলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সরাসরি থানা থেকে তৃণমূলে বিস্তৃতকরণ এবং ওয়ার্ড ওয়ার্ডে নিবিড় পুলিশিং কার্যক্রমসহ থানায় মোতায়েনকৃত জনবলের সর্বোত্তম ব্যবহার বাড়বে। একইসঙ্গে বিরাজমান সমস্যার প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থাগ্রহণ, অগ্রিম গোপন সংবাদ প্রাপ্তি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাও বৃদ্ধি পাবে। মূলতঃ জনগণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করার জন্য বিট পুলিশিং।
তিনি বলেন, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি স্লোগানে রংপুর মেট্রোপলিটন পুলিশ বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। মাত্র দুই বছরে ৬টি থানায় ৫৫টি বিটের মাধ্যমে ২৪ ঘণ্টা পুলিশি সেবা নিশ্চিত করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে নগরীর রামপুরা সাতগাড়া এলাকায় কোতয়ালী থানার আওতায় ৫ নম্বর বিট কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫ নম্বর বিট পুলিশিং এর সভাপতি হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন- কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ, ৫ নম্বর বিট অফিসার এসআই ইজার আলী, কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর মেট্রোপলিটন কমিটির কোতয়ালী থানার সদস্য সচিব আব্দুল কাদের দিদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আরপিএমপি কমিশনার বলেন, বিট কর্মকর্তারা নিয়মিতভাবে বিট এলাকায় গমন এবং নির্দিষ্ট সময়কাল পর্যন্ত অবস্থান করবেন। বিট কার্যালয়ে আগত সেবা গ্রহণকারীদের বক্তব্য শুনে সেখানে প্রয়োজনীয় পুলিশি সেবা দেবেন। এছাড়াও বিট কর্মকর্তাদের মোবাইল ফোন ২৪ ঘণ্টা খোলা থাকবে- যাতে করে সাধারণ মানুষ তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন।
আলোচনা শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ।



