
রতন রায়হান, রংপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এমদাদুল হক ভরসা রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় এলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। দল তাকে মনোনয়ন দিলে তিনি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি বলেন, রাজনীতিতে অর্থ নয়, আদর্শকে ভিত্তি করে জনগণের সঙ্গে সম্পর্ক গড়তে চান। গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে যোগ্য প্রার্থী নির্বাচনের সুযোগ দিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি সব ধরনের বিরোধ ও প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এমদাদুল হক ভরসা আরও বলেন, তার ওপর হামলা হলেও তিনি কখনো পাল্টা হামলার পথে হাঁটতে চান না। দলের সংকটে তিনি যেমন ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে ক্ষতির সম্মুখীন হয়েছেন, তেমনি কাউনিয়া–পীরগাছা ও হারাগাছের অনেক নেতাকর্মীও ত্যাগ স্বীকার করেছেন।
নিজের রাজনৈতিক ঐতিহ্যের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, তার পিতা আলহাজ্ব রহিম উদ্দিন ভরসা মৃত্যুর আগে বৃহত্তর রংপুর জেলা বিএনপির সভাপতি ছিলেন এবং দল ও এলাকার মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন।
সভায় তিনি উন্নয়ন ও অবকাঠামো,কর্মসংস্থান ও অর্থনীতি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সেবা এবং জবাবদিহিতার ওপর নিজের অঙ্গীকার তুলে ধরেন।
এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।



