রাজনীতি

জঙ্গিদের সঙ্গী রেখে জাতীয় সংলাপ নয়-ইনু

জঙ্গিদের সঙ্গী রেখে জাতীয় সংলাপ হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জঙ্গিদমনে আন্তরিক রাজনৈতিক সব দলের সাথে সংলাপে বসতে সরকার আগ্রহী বলেও জানান তিনি।
বুধবার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির জাতীয় সংলাপের আহ্বান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সংলাপে বসতে সরকার আন্তরিক। বিএনপির সাথে বসতেও আপত্তি নেই সরকারের, তবে সেক্ষেত্রে যুদ্ধাপরাধীদের দল জামায়াতসহ বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠনের সাথে রাজনৈতিক জোট নিয়ে বিএনপিকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির বিবৃতিতে জঙ্গিরা সুবিধা পাচ্ছে ও আড়াল হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গুলশানের হামলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এই সন্ত্রাসী হামলা হিন্দুধর্ম, ভারত, ইউরোপ, আমেরিকা, জাপানের বিরুদ্ধে নয়। এই হামলা মূলত শেখ হাসিনার সরকারকে অবৈধভাবে উৎখাত করার চক্রান্ত। পরিস্থিতি ঘোলাটে করার জন্যে ও ঘোলা পানিতে মাছ শিকার করার জন্যেই এই সন্ত্রাসী হামলা চলছে। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র ও মানবতারও কোনো সম্পর্ক নেই। অতীতে আগুন যুদ্ধে পরাজিত হয়ে খালেদা জিয়া পিছু হটেছে, হেফাজত, সাঈদীকে ঘিরে তাণ্ডবেও হেরেছেন তিনি। গুলশান হামলা গুপ্তহত্যার একটি নতুন কৌশল। এটা শেষ অস্ত্র।
নিখোঁজ যুবকদের সন্ধানে জোর তৎপরতা চালানো হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের দেশে ৬০ শতাংশের বয়স ৩০ বছরের নিচে। আট কোটির বেশি যুব সম্প্রদায়। সেখান থেকে দু’একজন নিখোঁজ হচ্ছে। সুতরাং এটিকে কোনো সামাজিক অবক্ষয় হিসেবে আমি দেখি না। বরং বাংলাদেশের যুব সমাজ জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
গুলশানের এই হামলা রাষ্ট্র, সমাজ, মানবতা ও ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেও মন্তব্য করেন তিনি।
সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button