উপমহাদেশশিরোনাম

ছাত্রীদের নিরাপত্তায় পুলিশের ‘শক্তি’ প্রকল্প

আধুনিকতার সঙ্গে ক্রমশ পিছিয়েছে সমাজ৷ প্রতি পদক্ষেপে যেন অপেক্ষা করে থাকে বিপদ৷ তাই এবার বর্তমান সমাজের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে ছাত্রীদের নিরাপত্তার জন্য এক অভিনব ব্যবস্থা করল জেলা পুলিশ৷ ছাত্রীরা যাতে নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারে তার জন্য পুলিশের উদ্যোগে ‘শক্তি’ নামে এক প্রকল্প চালু করা হয়।
জেলার বিভিন্ন ব্লকে পুলিশের উদ্যোগে প্রকল্পটি চালু হলেও মহিষাদল থানার উদ্যোগে সেই প্রকল্পের পথ চলা শুরু হল শুক্রবার থেকে। মহিষাদল থানার ব্যবস্থাপনায় ব্লকের মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ে ‘শক্তি’ প্রকল্পের শুভ উদ্বোধন হয়। মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস, মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারমিতা বাগ গিরি সহ অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে ‘শক্তি’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়।
স্কুলের অষ্টম, নবম ও একাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে প্রাথমিক ভাবে ‘শক্তি’ প্রকল্পের পথ চলা শুরু হয়। এই তিন ক্লাসের মোট ৪০০ জন ছাত্রীকে নিয়ে প্রকল্পটি শুরু হয়েছে।
প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন বিধান জানা ও সোনালী সামন্ত। দুই প্রশিক্ষক সপ্তাহে দু’দিন পিটির ক্লাসে তাদের প্রশিক্ষণ দেবেন। রাজ্যে প্রতিনিয়ত যেভাবে ইফটিজিং-এর ঘটনা ঘটে চলেছে তার মোকাবিলা করার জন্য ও ছাত্রীদের নিজেদের প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য এই প্রশিক্ষণ৷
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি থানা এলাকায় বালিকা বিদ্যালয়গুলিতে ‘শক্তি’ প্রকল্পের মাধ্যমে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুক্রবার মহিষাদল ব্লকের একমাত্র মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ে সেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পরবর্তীকালে থানা এলাকার অন্যান্য বালিকা বিদ্যালয়ে এই প্রকল্প চালু করা হবে বলে মহিষাদল থানা সূত্রে জানা গিয়েছে। কোলকাতা ২৪X৭

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button