শিক্ষাশিরোনাম

ছাত্রদলের কাউন্সিলরদের বিকেলের মধ্যে ঢাকায় থাকার নির্দেশ

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ৫শ’ ৬৬ জন কাউন্সিলরকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে দায়িত্বপ্রাপ্ত নেতাদের পক্ষ থেকে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুলশা‌নে বিএন‌পি চেয়ারপারস‌নের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে আদালতের নির্দেশে স্থগিত ছাত্রদলের কাউন্সিল নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেন কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতা‌রা। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সংগঠনটির কাউন্সিল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতাদেরও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়।
বৈঠ‌কে লন্ডন থে‌কে স্কাইপ এ যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান।
বৈঠ‌কের পর রাতেই ফোন ক‌রে সারাদে‌শের কাউন্সিলরদের ঢাকায় আসতে বলা হয়ে‌ছে। সূত্র বলছে, আজই কাউন্সিলরদের সিদ্ধান্তক্রমে কাউন্সিলের পরবর্তী তারিখসহ অন্যান্য করণীয় ঠিক করা হবে।
জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে গঠিত যাচাই-বাছাই কমিটির সদস্য বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের সারাদেশের সকল কাউন্সিলরকে বুধবার বিকাল ৪টার মধ্যে রাজধানীতে থাকার জন্য বলা হয়েছে।
এ্যানী আরও বলেন, আদালতসহ বিভিন্ন বিষয় আছে। তাই তাদের ঢাকায় থাকতে বলা হয়েছে।
ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির তফসিল অনুযায়ী, ১০টি সাংগঠনিক বিভাগের ১১৬টি শাখায় মোট ৫৬৬ জন ভোটার (কাউন্সিলর) রয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, ঢাকা বিভাগের ২৯টি শাখায় ১৩৮ ভোট, চট্টগ্রাম বিভাগের ১২টি শাখায় ৫৮ ভোট, কুমিল্লা বিভাগের ৬টি শাখায় ৩০ ভোট, খুলনা বিভাগের ১৪টি শাখায় ৭০ ভোট, ময়মনসিংহ বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, রাজশাহী বিভাগের ১১টি শাখায় ৫২ ভোট, সিলেট বিভাগের সাতটি শাখায় ৩৫ ভোট, রংপুর বিভাগের ১৩টি শাখায় ৬৩ ভোট ও ফরিদপুর বিভাগের ছয়টি শাখায় ৩০ ভোট রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button