খেলা

চ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় হার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।শুক্রবার আসরের ষষ্ঠ ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দলটির বিপক্ষে ৬ উইকেটে জয় পায় মুশফিকুর রহিমের বরিশাল বুলস।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। তবে ব্যাটিংয়ের শুরুতেই দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইমরুল কায়েসকে হারায়। এরপর দ্বিতীয় ওপেনার খালিদ লতিফ নাজমুল হাসান শান্তর সঙ্গে জুটি গড়ে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। পাকিস্তানি এই ওপেনারকে ব্যক্তিগত ১২ রানেই মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে ফেরত পাঠান আবু হায়দার রনি।
দলীয় ৪৯ রানে শান্ত রান আউটের শিকার হলে বেশ বিপাকেই পড়ে কুমিল্লা। এরপর ৪ রান করেই বিদায় নেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসও। দলীয় ৬৬ রানে রান আউটের ফাঁদে পা দিয়ে ১ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন ইমাদ ওয়াসিম।
পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলীয় স্কোর খুব একটা লড়াকু হয়নি কুমিল্লার। উকেটের এক প্রান্তে স্যামুয়েলস হাল ধরে রাখলেও অপর প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল লেগেই ছিল। দলীয় ১১১ রানে স্যামুয়েলসকে প্যাভিলিয়নের পথ ধরান রায়াদ এমরিত। আউট হওয়ার আগে স্যামুয়েলস ৪৮ বলে ৫টি চারের মারে ৪৮ রান করেন।
এরপর মাশরাফি ক্রিজে আসলেও বেশিক্ষণ থাকতে পারেননি। তিন বলে ২ রান করে রনির বলে বোল্ড আউট হন তিনি। তবে ব্যাটিং অর্ডারে আট নম্বরে নামা সোহেল তানভীরের অপরাজিত ১৯ বলে ৩০ রান দলীয় স্কোর বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
এরপর ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে সহজেই জয় পেয়ে যায় মুশফিক বাহিনী। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অধিনায়ক মুশফিকের ৩৩ ও পেরেরার ৩৪ রান।
তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ২৯ রানের হার দিয়েই যাত্রা শুরু হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button