চীনে ‘সাফল্যের’ পর জাপানেও করোনা ওষুধের ট্রায়াল

চীনের পর এবার জাপানও করোনাভাইরাসের চিকিৎসায় কাজে লাগাতে যাচ্ছে অ্যাভিগান নামে একটি ওষুধ। এর মধ্যে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে জাপানের ফুজি ফিল্ম।
বার্তা সংস্থা এএফপি জানায়, সাধারণ ঠান্ডা-সর্দির চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যাভিগান নামে ওষুধটি, যেটির জেনেরিক নাম ফ্যাভিপিরাভির। এই ওষুধ ব্যবহার করে করোনা চিকিৎসায় দারুণ সাফল্য পায় বলে দাবি করে চীন। দেশটির ট্রায়ালে দেখা যায়, যাদের ওই ওষুধ দেওয়া হয়েছিল, অন্যদের তুলনায় তারা দ্রুত সেরে ওঠেন।
বুধবার ফুজি ফিল্মের এক মুখপাত্র বলেন, ‘জুনের শেষ নাগাদ ১০০ জন রোগীর ওপর এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। পুরো ট্রায়ালে আমরা তথ্য সংগ্রহ করব, বিশ্লেষণ করব, এরপর অনুমোদনের জন্য আবেদন করব।’
তিনি বলেন, ‘হালকা নিউমোনিয়ায় আক্রান্ত ২০ থেকে ৭৪ বছর বয়সী রোগীদের ওপর এই ওষুধটি প্রয়োগ করা হবে। তবে প্রাণীর শরীরে পরীক্ষার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাওয়ায় অন্তঃসত্ত্বা নারীদের এই ওষুধ দেয়া হবে না।’
এদিকে গত শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানান, তার সরকার নতুন করোনাভাইরাসের চিকিৎসা হিসেবে অ্যাভিগানের আনুষ্ঠানিক অনুমোদনের প্রক্রিয়া শুরু করবে। এরপরই তৃতীয় ধাপে এই ট্রায়ালের ঘোষণা এল।
জাপানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ হাজার ১৭৮ জন মানুষ। এর মধ্যে মারা গেছে ৫৭ জন। করোনা মোকাবিলায় এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ নিয়ে প্রশংসিত হয়েছে দেশটি।




