চীনে শক্তিশালী ভূমিকম্প

চীনের পশ্চিমাঞ্চলে শুক্রবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এ সময় একটি বাড়ি ধসে একজন প্রাণ হারিয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৬।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মধ্য এশিয়ার সীমান্তবর্তী দক্ষিণ জিনজিয়াংয়ের বিস্তীর্ণ এলাকায় এ ভূ-কম্পন অনুভূত হয়।
তাজিক সীমান্তের কাছে ও চীনের কাশগার নগরী থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে এবং সমুদ্র পৃষ্টের ১২ কিলোমিটার (৭ মাইল) গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে একটি বাড়ি ধসে একজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও জনবহুল এলাকায় আরো ৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও ভূ-কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, ভূমিকম্পে দেশটিতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



