আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চীনের হাতে নতুন ক্ষেপণাস্ত্র, ৩০ মিনিটে আঘাত হানবে যুক্তরাষ্ট্রে

১ অক্টোবর কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তি উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চীন। এ উপলক্ষ্যে ইতিহাসের অন্যতম বড় সামরিক কুচকাওয়াজ ও নিজেদের তৈরি বিপুল সমরাস্ত্রের প্রদর্শনী করতে যাচ্ছে দেশটি।
এবারের প্যারেডের প্রদর্শনীতে থাকবে ক্রমবর্ধমান সামরিক শক্তি আর সমৃদ্ধ অস্ত্রাগার থেকে একেবারেই নতুন নতুন কিছু অস্ত্র। বিশ্বকে চমকে দেবে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। প্রধান আকর্ষণ হিসেবে সামনে আনা হবে অবিশ্বাস্য গতির পরমাণু বোমাবাহী নতুন আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র।
বলা হচ্ছে- ক্ষেপণাস্ত্রটি ৩০ মিনিটের মধ্যে চীন থেকে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে।
আমেরিকার সঙ্গে চীনের যখন রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক টানাপড়েন চরমে তখন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করতে যাচ্ছে বেইজিং। চীনা সংবাদমাধ্যমের খবরের বরাতে পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, আগামীকাল আনুষ্ঠানিকভাবে ডংফেং-৪১ নামের এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হতে পারে।
চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হবে। এতে অংশ নেবে ১৫ হাজার সেনা, অন্তত ১৬০টি বিমান এবং ৫৮০টি সামরিক সরঞ্জাম। এ তথ্য জানিয়েছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কাই ঝিচুন।
তিনি গত সপ্তাহে জানিয়েছিলেন, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর কুচকাওয়াজে নানা ধরনের নতুন অস্ত্র প্রদর্শন করা হবে তবে তিনি সেসময় ডংফেং-৪১’র কথা স্পষ্ট করেন নি।
চীনা গণমাধ্যম কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কেউই ডংফেং ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত জানান নি তবে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে, এর পাল্লা ১৫ হাজার কিলোমিটার হতে পারে। এ তথ্য যদি সঠিক হয় তাহলে এটিই হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button