
চীনের প্রেসিডেন্ট শি জিংপিং আগামী অক্টোবরে ঢাকা আসছেন। এই সফরের ভিত্তি রচনায় আগামী ২২ আগস্ট বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্য প্রতিমন্ত্রী গোয়াও ইয়ান।
চীনের প্রেসিডেন্টের আসন্ন সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্ত:মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র সচিব শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চীন বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার, উন্নয়ন সহযোগী ও সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্রের বৃহত্তম জোগানদাতা। চীনের অর্থায়নে বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব কারণে চীনের প্রেসিডেন্টের আসন্ন বাংলাদেশের সফরকে অত্যন্ত গুরুত্ব দেয়া হচ্ছে।
আসন্ন জেইসি বৈঠকে দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবে। বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৪৭ কোটি ডলারে পৌঁছেছে। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিশ্বে সর্বোচ্চ। তাই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বাংলাদেশ থেকে রফতানি আরো বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হবে। জেইসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ মেজবাহউদ্দিন।




