চীনের অবরুদ্ধ বাড়িতে দাদার লাশের পাশে একাকী নাতি

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উৎপত্তিস্থল হুবেই প্রদেশে বয়স্ক এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর খবর ঘিরে সমালোচনার ঝড় বইছে চীনের যোগাযোগমাধ্যমে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভাইরাসের কারণে গোটা শহর অবরুদ্ধ থাকায় ওই ব্যক্তির অসুস্থতার খবর কাউকে জানাতে পারেনি বাড়িতে থাকা দ্বিতীয় সদস্য তার ৫/৬ বছর বয়সী নাতি।
ঝাংওয়ানের শিয়ান শহরের কমিউনিটি কর্মীরা সোমবার বিকেলে তান নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। সেই সময় তার নাতিও বাড়িতে ছিল। মৃত ব্যক্তির ছেলে আরেকটি শহরে আটকা পড়ায় বাড়ি ফিরতে পারেননি।
করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার পর চীনে আসলে কী হচ্ছে, সেটি খুব একটা জানা যাচ্ছে না। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম যেমন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, তেমনি সংবাদমাধ্যমও স্বাধীনভাবে সব জানাতে পারে না।
গত ডিসেম্বরে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরি করতে পারেননি বিজ্ঞানীরা।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য মতে, চীনে এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৭১৫ জন। অধিকাংশ শহর অচল হয়ে পড়েছে।
মৃত ব্যক্তির নাতি জানিয়েছে, সে বাইরে যেতে চাইলেও তার দাদা ভাইরাসের কথা বলে আটকে দেয়।




