
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ওঠা চিরকুটে ভর্তির অভিযোগকে বানোয়াট বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় সকল সান্ধ্যকালীন ও প্রফেশনাল একাডেমিক কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করবে বলেও জানায়। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগে ‘মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট’ প্রোগ্রামে কথিত ‘চিরকুটে ভর্তি’ খবরটির মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃতপক্ষে উপাচার্য কোন বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তির জন্য কোন শিক্ষার্থীকে কোনো ‘চিরকুট’ বা কোনো নির্দেশনা কখনো কাউকে দেননি এবং দেওয়ার সুযোগ নেই। নির্দিষ্ট নিয়মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম সম্পাদন করেন। বিজ্ঞপ্তিতে উপাচার্যকে আবর্তন করে অবান্তর, অসত্য, দায়িত্বহীন বক্তব্য ও তথ্য প্রচার না করার জন্য অনুরোধও করা হয়।




